Satter Dhoni

সত্যের ধ্বনি
Satter Dhoni
সব খবর সবার আগে

দুর্গাপুরে নিজ ঘরেই মাদক সেবনের আড্ডা মোবাইল কোর্টে ৩ জনের সাজা

প্রান্ত সরকার

দুর্গাপুর(নেত্রকোণা)প্রতিনিধি:

নেত্রকোণার দুর্গাপুরে মাদকবিরোধী ঝটিকা অভিযান চালিয়েছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এতে মাদক সেবন ও সংরক্ষণের অপরাধে তিন যুবককে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়েছে। বুধবার (১৯ আগস্ট) বিকেল ৪ টার দিকে দুর্গাপুর থানাধীন বিশ্বনাথপুর এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

আটককৃতরা হলেন- বিশ্বনাথপুর গ্রামের মৃত আব্দুল ছাত্তার মিয়ার ছেলে মো. জুয়েল মিয়া (৩৫) (তার বসতঘরেই অভিযান পরিচালিত হয়), নাগপুর গ্রামের মো. দুলাল মিয়ার ছেলে মো. হারুন অর রশিদ (২৮) ও একই গ্রামের মো. রুস্তম আলীর ছেলে মো. জুয়েল মিয়া (৩০)। তারা সকলে দুর্গাপুর উপজেলার বাসিন্দা।

গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, নেত্রকোনা জেলা কার্যালয়ের একটি দল দুর্গাপুরের বিশ্বনাথপুর এলাকার জুয়েল মিয়ার নিজ বসতঘরে অভিযান চালায়। এ সময় ওই ঘরে মাদক সেবনরত অবস্থায় ও মাদক সংরক্ষণের দায়ে হাতেনাতে তিনজনকে আটক করে অধিদপ্তরের আভিযানিক দল।

মাদকবিরোধী অভিযান শেষে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান। আটককৃত আসামিদের বিরুদ্ধে আনীত মাদক সেবন ও সংরক্ষণের অভিযোগ প্রমাণিত হওয়ায় প্রত্যেককে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ড প্রদান করা হয়। পরবর্তীতে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে সাজাপ্রাপ্ত তিন আসামিকে নেত্রকোনা জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। জেলায় মাদকের বিস্তার রোধে ও যুবসমাজকে রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

Post a Comment

0 Comments